পিচঢালা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বসন্তের রঙিন সাজ, মুগ্ধ যাত্রী ও চালকরা
- আপডেট সময় : ০৬:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 87
নিজস্ব প্রতিনিধি |
সারা বছরই নানা দুর্ঘটনা ও যানজটের কারণে আলোচনায় থাকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক। তবে এবার কোনো দুর্ঘটনা নয়, বরং প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ব্যস্ত এই মহাসড়কটি। বসন্তের আগমনে সড়কের বিভাজকে সারি সারি ফুলে ফুটে উঠেছে রঙিন পসরা, যা মুগ্ধ করছে যাত্রী ও চালকদের।
রাজধানী থেকে উত্তরাঞ্চলমুখী গুরুত্বপূর্ণ করিডর ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারে লাগানো শিমুল, জারুল, পলাশ, সোনালু ও বাগানবিলাস গাছে ফুটেছে বাহারি ফুল। দূর থেকে দেখলে মনে হয় পিচঢালা সড়কের মাঝখানে যেন বিছানো রয়েছে রঙিন ফুলের গালিচা।
বিশেষ করে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল এলাকায় মহাসড়কের দুই পাশে ও বিভাজকে ফুটে থাকা এসব ফুল নজর কাড়ছে সবার। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দূরদূরান্ত থেকেও অনেকেই ছুটে আসছেন এই সৌন্দর্য উপভোগ করতে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ আবার ক্যামেরায় ভিডিও ধারণ করছেন।
স্থানীয়রা জানান, বছরের এই সময়টাতে মহাসড়কের এই অংশটি এক অনন্য সৌন্দর্যে ভরে ওঠে। ব্যস্ত সড়কের মাঝেও প্রকৃতির এমন রূপ দেখে অনেকেই কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করেন।
গাড়িচালকদের মতে, মহাসড়কের মাঝখানে গাছ থাকায় রাতে বিপরীত দিকের গাড়ির তীব্র হেডলাইট সরাসরি চোখে পড়ে না। এতে দুর্ঘটনার ঝুঁকিও কিছুটা কমেছে।
তবে মহাসড়কের মতো ব্যস্ত সড়কে ছবি তোলার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অনেকেই ফুলের সৌন্দর্য দেখতে বা ছবি তুলতে সড়কের বিভাজকে উঠছেন, যা ঝুঁকিপূর্ণ। তাই যানবাহনের চলাচলের বিষয়টি মাথায় রেখে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, শুধু বসন্তেই নয়—বছরজুড়েই যেন ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক এমন পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন থাকে এবং একই সঙ্গে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়।




















