নারী ও পরিবেশ ইস্যুতে ‘কুইক রেসপন্স’ কর্মসূচি, দুই পরিবারের সমস্যা সমাধানে আইনি সহায়তার পরামর্শ
- আপডেট সময় : ১১:১৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 72
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
নারী ও পরিবেশ বিষয়ক বিভিন্ন সামাজিক সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ‘কুইক রেসপন্স’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার আইইডি ময়মনসিংহ কেন্দ্রের সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে আইইডির কর্ম এলাকার গোহাইলকান্দি মীরবাড়ি ও বলাশপুর আবাসন এলাকার সমস্যাগ্রস্ত দুইটি পরিবারের সদস্যদের উপস্থিত করে তাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিক, জনউদ্যোগ সদস্য, নারী ফোরামের সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধি, যুব ও সাংস্কৃতিক ফোরামের সদস্য, কিশোরী দলের দলনেতা, পুরুষ দল ও কমিউনিটি ফোরামের সদস্যসহ স্থানীয় নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় গোহাইলকান্দি মীরবাড়ি এলাকার বাসিন্দা মালার বিষয়টি তুলে ধরা হয়। জানা যায়, ফুলপুর উপজেলায় তার মা ও আত্মীয়-স্বজন মালার বিয়ে দেন এমন একজন ব্যক্তির সঙ্গে, যিনি পূর্বে আরও দুইবার বিয়ে করেছিলেন। মালা ছিলেন তার তৃতীয় স্ত্রী। বিয়ের পর দুই বছরের মধ্যে মালা দুই কন্যা সন্তানের জন্ম দেন। কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকেই তার ওপর শুরু হয় অমানবিক নির্যাতন। একপর্যায়ে জোরপূর্বক ডিভোর্স লেটারে স্বাক্ষর নিয়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
অন্যদিকে বলাশপুর আবাসন এলাকার স্বর্ণার বিয়েও হয় অপ্রাপ্তবয়স্ক অবস্থায় প্রেমের মাধ্যমে। বিয়ের ছয় মাসের মাথায় তার স্বামী তাকে রেখে বিদেশে চলে যান। বর্তমানে স্বর্ণার শ্বশুর-শাশুড়ি কোনো দায়িত্ব না নিয়ে উল্টো স্বর্ণার পরিবারকে দায়ী করে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠে।
উক্ত বিষয়গুলো সমাধানের জন্য বাংলাদেশ মহিলা পরিষদের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট লীলা রায় প্রথমে সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে আইনি নোটিশ পাঠিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করার পরামর্শ দেন। তাতে সমাধান না হলে জাতীয় আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী ফোরামের আহ্বায়ক সৈয়দা সেলিমা আজাদ, জনউদ্যোগের সদস্য ও গাজী টিভির সাংবাদিক কাজী মোহাম্মদ মোস্তফা মুন্না, এশিয়ান টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মী আবুল মনসুর, বলাশপুর আবাসন কমিউনিটি ফোরামের সদস্য বাবু স্বপন সেন, পুরুষ দলের দলনেতা শহিদুল ইসলাম ও আলী আকবর।
এছাড়া আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম, উন্নয়ন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।




















