বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ও নিহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে। অপরদিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে আরও চারজনের মরদেহ।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি তাদের হাসপাতালে নিশ্চিত করা হয়েছে এবং সেখানে চারটি মরদেহ রাখা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। এছাড়া আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার চিকিৎসা চলছে।
স্থানীয় বাসিন্দা মিঠু জানান, দুর্ঘটনার শিকার একটি পরিবারের বড় ছেলে জনি তাকে ফোন করে বলেন, ‘আমি ছাড়া পরিবারের সবাই একই গাড়িতে ছিল। তারা সবাই মারা গেছে। আমি রামপাল হাসপাতালে যাচ্ছি, তোমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাও।’
তিনি আরও বলেন, হাসপাতালে গিয়ে কাউকে জীবিত পাওয়া যায়নি; সবাই মারা গেছেন বলে জানা গেছে।




















