সৌদিতে মিসাইল হামলায় আহত প্রবাসী যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৫:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 76
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি।
নিহত মামুন উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ আল মামুন গুরুতর দগ্ধ হন। পরে তাকে আল খারিজের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের মামাতো ভাই শাওন মড়ল জানান, বিস্ফোরণে মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন। তার একটি ছেলে সন্তান রয়েছে।
এদিকে মামুনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, একই ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন এবং মামুনসহ আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন।




















