শেরপুরে বুলবুল আহম্মেদের উদ্যোগে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় : ০৫:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 71
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে দুই শতাধিক গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও শেরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ব্যক্তিগত উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে এ আয়োজন সম্পন্ন করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ, চাল, আলু, পেঁয়াজ, সেমাই ও চিনি।
উপহার বিতরণকালে বুলবুল আহম্মেদ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগ করে নিতেই এই ক্ষুদ্র প্রয়াস। তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে মির্জাপুর জামে মসজিদ কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক সুলতান আহমেদের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক মাসুদুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শাহ কামাল খোকা মাস্টার (সহকারী শিক্ষক, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), আমিনুল ইসলাম (প্রাক্তন শিক্ষক), রফিকুল ইসলাম মোনায়েম (অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট), বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদ, মাহাবুবুর রহমান, দুলাল আহমেদ ও সিদ্দিকুর রহমান।
এছাড়াও তরুণ সমাজসেবক সাদেকুল ইসলাম শাকিব, ইমরান হোসেন রানা, আলী হোসেন বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুরুব্বিরা উপস্থিত ছিলেন।




















