দখল-দূষণে মৃতপ্রায় কাঁচামাটিয়া নদী, অস্তিত্ব সংকটে ঈশ্বরগঞ্জ
- আপডেট সময় : ০২:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 76
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ |
দখল ও দূষণের কারণে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁচামাটিয়া নদী। এক সময়ের খরস্রোতা এই নদী এখন প্রায় মৃতপ্রায় নদীর বুকজুড়ে জেগে উঠেছে চর, আর পানির স্থানে দেখা যায় কচুরিপানা ও দুর্গন্ধযুক্ত স্থির জলরাশি।
ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া কাঁচামাটিয়া নদীকে কেন্দ্র করেই একসময় গড়ে উঠেছিল স্থানীয় হাট-বাজার ও জনপদ। নদীপথে ধান, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহন ও বাণিজ্য করতেন ব্যবসায়ীরা। স্থানীয়দের জীবিকা, যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশ সবকিছুতেই এই নদীর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
কিন্তু সময়ের বিবর্তনে অব্যবস্থাপনা, দখল এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে নদীটি তার স্বাভাবিক গতিপথ ও গভীরতা হারিয়েছে। বর্তমানে পৌরসভার অধিকাংশ বর্জ্য ফেলা হচ্ছে এই নদীতে। ফলে পানির সঙ্গে মিশে কাদামাটি থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে নদীতে প্রচুর মাছ পাওয়া গেলেও এখন তা একেবারেই নেই। দূষিত পানির সংস্পর্শে এলে দেখা দিচ্ছে চর্মরোগের মতো স্বাস্থ্যঝুঁকি। এমনকি কৃষিকাজেও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে নদীর পানি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, “পৌর বর্জ্য অন্যত্র ফেলার জন্য জমি অধিগ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, নদী দখলমুক্ত করতে শিগগিরই জমি পরিমাপ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি নদী পুনঃখননের জন্য পানি উন্নয়ন বোর্ডে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে শুধু আশ্বাসে নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান এলাকাবাসী। প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় কাঁচামাটিয়া নদী পুনরুদ্ধারে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি তাদের।




















