সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩
- আপডেট সময় : ০৯:৫০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 75
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে চাকা ফেটে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে মহাসড়কের বানিয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি বাস চলন্ত অবস্থায় হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ওভারব্রিজের আইল্যান্ডে ধাক্কা খেয়ে মাঝামাঝি স্থানে আটকে পড়ে। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। ক্ষতিগ্রস্ত বাসটি সরানোর কাজ চলছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




















