ত্রিশালে দুই শিশুকে মোবাইল চুরির সন্দেহে তুলে নিয়ে নির্যাতন, পুকুরে চুবিয়ে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত গাজীপুর থেকে গ্রেফতার
- আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / 49
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ০৪ এপ্রিল ২০২৬
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির সন্দেহে দুই শিশুকে তুলে নিয়ে পুকুরে চুবিয়ে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) ভোররাতে গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২৭ মার্চ সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই শিশু—আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)—কে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এরপর অভিযুক্ত মিজানুর রহমান সুজনের নেতৃত্বে শিশু দু’টিকে ওয়ায়েজ উদ্দিন মেম্বারের মোড়সংলগ্ন একটি পুকুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। একপর্যায়ে শিশুদের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, তাদের মারধর করে রাস্তার পাশে ময়লাযুক্ত পানি পান করানো হয় বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ।
বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ত্রিশাল থানা পুলিশ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মাসুম (২৮)-কে গাজীপুর থেকে শনিবার রাত ২টা ১৫ মিনিটে গ্রেফতার করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪২/৩২৩/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




















