ময়মনসিংহে নবায়নযোগ্য জ্বালানী নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 64
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নবায়নযোগ্য জ্বালানী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬। Coastal Livelihood and Environment Action Network (ক্লিন), Bangladesh Water Governance Institute (বিডাব্লিউজিইডি) ও Onno Chitra Foundation (অন্যচিত্র ফাউন্ডেশন)-এর যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা আয়োজন করা হয় কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়-এ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নওমহল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-এ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিন চন্দ্র বিশ্বাস, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ। পৃথক দুই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলন চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক, কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় এবং রোকসানা পারভীন, প্রধান শিক্ষক, নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেবেকা সুলতানা, নির্বাহী পরিচালক, অন্যচিত্র ফাউন্ডেশন।

প্রতিযোগিতায় চারটি পৃথক গ্রুপে মোট ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কনে ২০ জন করে এবং প্রাথমিক পর্যায়েও একইভাবে রচনা ও চিত্রাঙ্কনে ২০ জন করে অংশ নেয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজনকে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতার বিষয়বস্তুতে নবায়নযোগ্য জ্বালানীর গুরুত্ব তুলে ধরা হয়। প্রাথমিক পর্যায়ে রচনার বিষয় ছিল ‘সূর্য, পানি ও বাতাসের শক্তি—আমাদের বন্ধু’ এবং চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘সূর্য, বাতাস ও পানির শক্তি—আমাদের গ্রাম’। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘কয়লা ও গ্যাসের যুগ শেষ, সূর্য ও বাতাসের শক্তির দেশে’ এবং রচনার বিষয় ছিল ‘আমাদের জ্বালানী ও বিদ্যুৎ ব্যবস্থা: সংকট ও সম্ভাবনা’।
আয়োজকেরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানী ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।




















