ময়মনসিংহে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৬৫ হাজার টাকা
- আপডেট সময় : ০১:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 61
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীর বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস নাজিয়া নূর লিয়া। অভিযানে নগরীর চরপাড়া ও দুর্গাবাড়ী এলাকার একাধিক ফার্মেসি তল্লাশি করা হয়।
অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল, অনুমোদনবিহীন ওষুধ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে পৃথক মামলায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।




















