বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপন পর্ষদ, ময়মনসিংহের বর্ণাঢ্য আয়োজন
- আপডেট সময় : ০৫:২১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 58
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজন করেছে ‘বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপন পর্ষদ, ময়মনসিংহ’। আনন্দ শোভাযাত্রা ও বিচিত্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছর।
সোমবার সকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রহ্মপুত্র নদের পাড়ে হিমু আড্ডার সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিল্পী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। বর্ণিল সাজ, মুখোশ, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী উপস্থাপনায় শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
শোভাযাত্রা শেষে ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, জেলার ৩৩টি প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়েছে। অসাম্প্রদায়িক চেতনা, বাঙালির ঐতিহ্য এবং নতুন বছরের প্রত্যাশা সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়।




















