দাপুনিয়ার হ * ত্যা রহস্য উদঘাটন: স্বামী-স্ত্রী গ্রেফতার, ছুরি উদ্ধার
- আপডেট সময় : ০৭:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 61
ময়মনসিংহে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এক হত্যাকাণ্ডের রহস্য মাত্র এক ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামীসহ দুজনকে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে কোতোয়ালী থানাধীন দাপুনিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমি ওরফে সুমা (৩০)-এর স্বামী অলিউল্লাহ নিজ জমিতে গাছের ডাল কাটছিলেন। এ সময় তার বড় ভাইয়ের স্ত্রী নাছিমা আক্তার (৪০) বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে পারিবারিক বিরোধের জেরে হাতাহাতি শুরু হলে নাছিমার স্বামী খলিলুর রহমান খলিল (৩৫) ঘর থেকে ছুরি এনে সুমার বাম কাঁধের নিচে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মূল আসামী খলিলুর রহমান খলিল ও তার স্ত্রী নাছিমা আক্তারকে গ্রেফতার করে। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।
নিহতের পিতা গিয়াস উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সুপার মো. কামরুল হাসানের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে দ্রুত রহস্য উদঘাটনকে তাৎপর্যপূর্ণ সাফল্য হিসেবে দেখছে জেলা পুলিশ।




















