সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
- আপডেট সময় : ০৩:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 30
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা উপজেলার নিয়াজ মোর্শেদ তোতা মিয়া (৫০) নামে এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিহতের ভাতিজা আল ফাহাদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আল-কাসিম থেকে হাইল শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোতা মিয়া ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের মরহুম হোসেন আলী দপ্তরীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে বসবাস করে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি ভালুকার সিডস্টোর বাজারে অবস্থিত আল-মদিনা শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে আল-কাসিম থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের হাইল শহরে যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান পাশ থেকে তার বহনকারী জিপ গাড়িকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমানে তার মরদেহ হাইল শহরের একটি হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পরিবার জানিয়েছে।
তার মৃত্যুতে পরিবার, স্বজন, স্থানীয় ব্যবসায়ী মহল ও প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেছেন।



















