মুক্তাগাছায় ট্রাক-সিএনজি সং ঘ র্ষে৷ নি হ ত ৪, আহত ২
- আপডেট সময় : ০৯:০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 30
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সত্রাসিয়া সমিতিঘর এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী যাত্রী নিহত হন।
গুরুতর আহত অবস্থায় এক অজ্ঞাতনামা (৪৭) পুরুষকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া আহত হন সিএনজি চালক ও অপর এক পুরুষ যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে পড়ে, ফলে মহাসড়কের দুই পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান এবং মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। ট্রাকটি সরাতে ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।




















