নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ময়মনসিংহ বিভাগেও ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, ঝড়ো আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।
পূর্বাভাসে আরও জানানো হয়, বৃষ্টির পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বজ্রঝড়ের আশঙ্কা থাকায় খোলা জায়গায় অবস্থান না করা এবং প্রয়োজন ছাড়া নদী বা জলাশয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।