জুড়ীতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন, দুর্নীতির অভিযোগ
- আপডেট সময় : ০৪:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 22
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও হাকালুকি হাওরের মৎস্য সম্পদ ধ্বংসের অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে জুড়ী উপজেলা পরিষদ চত্বরে সচেতন নাগরিক ও স্থানীয় মৎস্যজীবীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বেলাগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক রেজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আফতাব আলী, মোস্তাকিম হোসেন, হাবিবুর রহমান, সুমন আহমেদ, মো. হাবিব মিয়া, আবু নাঈম, জাবেদ আহমদ ও আজিজ মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে উপজেলায় কর্মরত থেকে হাকালুকি হাওরকেন্দ্রিক একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। ওই সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন বিল ও জলাশয়ে সরকারি নীতিমালা উপেক্ষা করে সেচ মেশিন দিয়ে পানি নিষ্কাশন করে অবাধে মাছ আহরণ করা হচ্ছে, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তাদের দাবি, হাকালুকি হাওরের চাতলা বিল, তুরল বিল ও নাগুয়াবিলসহ বিভিন্ন এলাকায় বছরের পর বছর প্রকাশ্যে ১০ থেকে ১৫টি সেচ মেশিন ব্যবহার করে বিল শুকিয়ে মাছ আহরণ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে অবৈধ মাছ শিকারকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
বক্তারা আরও বলেন, অবৈধ মৎস্য শিকার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগত সুবিধার বিনিময়ে এসব কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে আসছেন। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।




















