অঙ্গীকার ভঙ্গ করেছে সরকার, অধিকার আদায়ে ছাড় নয়: জামায়াত আমীর
- আপডেট সময় : ০৪:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 66
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
সরকার জনগণের প্রতি দেয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে উল্লেখ করে অধিকার আদায়ে কোনো ধরনের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (বিকেল) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ (শ্রীবরর্দী-ঝিনাইগাতি) আসনের স্থগিত নির্বাচনে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ অব্যাহত থাকবে। জনগণের অধিকার আদায়ে আমরা এক চুলও ছাড় দেব না।”
তিনি প্রশ্ন তুলে বলেন, “জুলাইয়ে এত রক্ত ঝরার পরও রাজনীতিতে কেন সহিংসতা বন্ধ হচ্ছে না? সংসদে গিয়ে অশ্লীল বাক্যালাপ বা অর্থের অপচয় জনগণ প্রত্যাশা করে না। মানুষ হত্যা করে কেউ যদি পার্লামেন্টে যায়, তাদের কাছ থেকে কী আশা করা যায়?”
শেরপুর-৩ আসনের সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, “ওই এলাকায় ব্যাপক সহিংসতা হয়েছে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।”
স্বাস্থ্যসেবা খাতের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, “ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী এবং অব্যবস্থাপনার চিত্রই প্রমাণ করে, সরকার জনগণের স্বাস্থ্যসেবার প্রতি অবিচার করছে।”
এসময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















