নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতরের ছুটির আমেজ এখনো পুরোপুরি কাটেনি। অনেকেই এখনও পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে রাষ্ট্রীয় দায়িত্বে কোনো ছুটি নেই—এমন বার্তাই যেন দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের পর প্রথম কার্যদিবসেই তিনি টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) ছিল ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস। সকাল থেকেই সচিবালয়ে কর্মব্যস্ত দিন কাটান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১ মিনিটে তিনি সচিবালয়ে আসেন এবং রাত ৭টা ৫৩ মিনিটে অফিস ত্যাগ করেন।
দিনের শুরুতেই প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক ছিল উল্লেখযোগ্য। পরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন। এছাড়া ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে একটি জরুরি সভায়ও সভাপতিত্ব করেন তিনি।
দিনের বাকি সময়জুড়ে সৌজন্য সাক্ষাৎ, দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক নানা কাজ নিয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ঈদের ছুটির পর প্রথম দিনেই প্রধানমন্ত্রীর এই টানা কর্মব্যস্ততা তার দায়িত্ববোধেরই প্রতিফলন। ব্যক্তিগত অবকাশের চেয়ে রাষ্ট্রীয় দায়িত্বকেই তিনি প্রাধান্য দিয়েছেন—এ দিনের কার্যক্রমে সেই চিত্রই স্পষ্ট হয়েছে।