ঈদে নিরাপদ যাত্রায় মাঠে বিআরটিএ ময়মনসিংহ
- আপডেট সময় : ০৭:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 29
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ |
ঈদুল আজহা উপলক্ষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেল। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও পরিবহন খাতে অনিয়ম রোধে ভিজিলেন্স টিম, সচেতনতামূলক মাইকিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
শনিবার নগরীর পাটগুদাম ব্রিজ টার্মিনাল, মাসকান্দা বাস টার্মিনাল ও ঢাকা বাইপাস এলাকায় যাত্রীদের সচেতন করতে মাইকিং করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া না নেওয়া, নির্ধারিত আসনের বেশি যাত্রী বহন না করা এবং সড়ক নিরাপত্তা মেনে চলার আহ্বান জানানো হয়।
ঈদ-পরবর্তী যাত্রীসেবা নিশ্চিত করতে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম প্রতিটি যানবাহনের কাগজপত্র, যাত্রীসংখ্যা ও ভাড়া তদারকি করছে। পাশাপাশি চালকদের নিরাপদ গতিতে গাড়ি চালানো ও ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে।
এদিকে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ মোবাইল কোর্ট টিম অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে।
বিআরটিএ জানিয়েছে, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নজরদারি অব্যাহত থাকবে। যাত্রীদের অভিযোগ গ্রহণে জাতীয় হেল্পলাইনও চালু রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সমন্বিত উদ্যোগে ঈদ-পরবর্তী যাত্রা হবে আরও নিরাপদ ও হয়রানিমুক্ত।












