ঈশ্বরগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা, অভিযুক্ত পলাতক
- আপডেট সময় : ০৪:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 169
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবুল কালাম (৬৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই আত্মীয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম মমরেজপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম সোহাগী বাজারে নিজের পুকুরের মাছ বিক্রি করে নগদ প্রায় ৪ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আতকাপাড়া এলাকায় পৌঁছালে তাঁর মামাতো ভাই আবুল কাসেম (৫৫) ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত আবুল কাসেম একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, নিহত ও অভিযুক্ত একই বাড়ির পাশাপাশি বসবাস করতেন এবং তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর ঈশ্বরগঞ্জ থানা-র অফিসার ইনচার্জ রবিউল আজমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে।
পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আসামীদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।



















