ঈশ্বরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 31
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় ঈশ্বরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং প্রবাসী ও ঢাকায় বসবাসরত ঈশ্বরগঞ্জবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের আমানা ফুড ভ্যালিতে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত ও প্রবাসফেরত ঈশ্বরগঞ্জ উপজেলার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার সভাপতি ও জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন নয়ন।
সাধারণ সভায় সমিতির বিগত এক বছরের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং প্রবাসী ও ঢাকায় অবস্থানরত ঈশ্বরগঞ্জবাসীর মধ্যে ঐক্য সুসংহত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা মোহাম্মদ মজিবুর রহমান, মোহাম্মদ নুরুল আমিন, অ্যাডভোকেট জিতেন্দ্র চন্দ্র বর্মন, সৈয়দ ওয়াহিদ, আমিনুল ইসলাম এফসিএ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, দৈনিক নবজীবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবাসী সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ঈদ শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় বক্তারা ঈশ্বরগঞ্জ উপজেলার উন্নয়ন, শিক্ষা, সামাজিক কল্যাণ ও মানবিক কর্মকাণ্ডে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২নং সোহাগী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও মাইন্ড টাচ লি.-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আল-আমিন (জুয়েল)।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আমি নেতা হতে চাই না; আমি জনগণের পাশে থেকে একজন সেবক হিসেবে কাজ করতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, পবিত্র ঈদ-উল-আযহার শিক্ষা ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের। এই আদর্শ ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শেষে মোঃ আল-আমিন (জুয়েল) ২নং সোহাগী ইউনিয়নের সর্বস্তরের মানুষের শান্তি, সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও একটি সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সম্প্রীতি, কল্যাণ ও সমৃদ্ধির বার্তা।











