কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পাখি শিকার করতে নিষেধ করায় মাজহারুল ইসলাম (২৮) নামে এক যুবককে এয়ারগান দিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ নানশ্রী গ্রামে। গুলিবিদ্ধ মাজহারুল ইসলাম দানাপাটুলি ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। বুধবার বিকেলে তার বাবা বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে তিন যুবক দক্ষিণ নানশ্রী গ্রামে আসে। তাদের হাতে ছিল এয়ারগান। গ্রামের কবরস্থানের গাছে থাকা পাখি শিকার করতে চাইলে কয়েকজন স্থানীয় বাসিন্দা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে এক যুবক তিনটি ফাঁকা গুলি ছোড়ে।
গুলির শব্দে মাজহারুল বাড়ি থেকে বের হয়ে পাখি শিকার করতে নিষেধ করলে ওই যুবকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এক যুবক তার হাতে থাকা এয়ারগান দিয়ে মাজহারুলের কপালে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের গাছপালায় নানা প্রজাতির পাখির বসবাস রয়েছে। সাম্প্রতিক সময়ে বাইরের কিছু যুবক এয়ারগান নিয়ে এলাকায় প্রবেশ করে পাখি শিকার করছে, এতে পাখির পাশাপাশি মানুষের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে।



















