কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দিরে শনিবার সন্ধ্যায় ‘শনি পূজা’ চলাকালীন হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলাকারীরা মন্দিরে বিস্ফোরণ ঘটানোর পর পালিয়ে যাওয়ার সময় পাশের বাগানবাড়ি জামে মসজিদের সামনে আরও দুইটি হাতবোমা নিক্ষেপ করেন।
এই ঘটনায় মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তীসহ তিনজন আহত হন। আহতদের মধ্যে দুইজন মুসল্লি এবং এক পুরোহিত কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, হামলাকারীরা মণ্ডপে হাতবোমা ছুড়ে মারে, যা পুরোহিত লাঠি দিয়ে সরাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। হামলাকারীরা মন্দিরের সামনে একটি সাদা ব্যাগও রেখে যায়, যা পুলিশ হেফাজতে নেয়ার পর বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় পরীক্ষা করা হবে।
ঘটনার খবর পেয়ে রাতেই কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আশা করছে, ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করবে।
পুলিশের ধারণা, এটি নির্বাচন পরবর্তী কুমিল্লার পরিবেশ অশান্ত করার উদ্দেশ্যে করা সন্ত্রাসী কার্যক্রম হতে পারে।



















