গণ অধিকার পরিষদের নেতা মামুনুর রশীদের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
- আপডেট সময় : ০৫:৩৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 143
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাংগুয়া গ্রামের বাসিন্দা গণ অধিকার পরিষদের নেতা মামুনুর রশীদ মামুনের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী পক্ষের দাবি, একই গ্রামের কুলসুম বেগম (২৭) নামে এক নারী, তার শাশুড়ি ও ননদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় কুলসুম বেগমকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে ক্ষুব্ধ হয়ে মামুনুর রশীদ মামুন কুলসুম বেগমের মাথায় ধারালো হাসুয়া দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথায় ১২টি সেলাই দিতে হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। একই ঘটনায় কুলসুমের শাশুড়ি, ননদ ও স্বামীকেও লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করার অভিযোগ রয়েছে।

বর্তমানে আহত কুলসুম বেগম রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। মামুনুর রশীদ মামুন ও ভুক্তভোগী কুলসুম বেগম—উভয়েই ৪ নম্বর লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামের বাসিন্দা বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে।
অভিযোগকারী পক্ষের দাবি, এ ঘটনায় থানায় এজাহার দেওয়া হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্য, প্রমাণ ও আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত মামুনুর রশীদ মামুনের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।



















