গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি ২৪ ঘণ্টার মধ্যেই র্যাবের হাতে আটক
- আপডেট সময় : ১০:০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 80
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর আদালতের গারদ (লক-আপ) থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ ৩২ মামলার আসামি মো. সম্রাট (২৮)কে পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
র্যাব সূত্র জানায়, সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জামালপুরের বাসিন্দা সম্রাটকে আটক করা হয়।
এর আগে, গাজীপুর সদর থানার একটি ডাকাতি মামলায় (দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারা) গ্রেফতার সম্রাটকে ২০ জুলাই দুপুরে আদালতে হাজির করার জন্য গারদে নেওয়া হয়। এ সময় দায়িত্বরত সদস্যদের কাছে আসামি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়ায় কাগজপত্র যাচাইয়ের ফাঁকে মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে সে কৌশলে হাতকড়া খুলে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গাজীপুর সদর থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা দায়ের করা হয়।
ঘটনার পরপরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে র্যাব-১৪ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে পলাতক আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ নানা অপরাধে অন্তত ৩২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সম্রাটকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।



















