ডিবি ও কোতোয়ালী থানার যৌথ অভিযানে ময়মনসিংহে ৮ ছিনতাইকারী গ্রেফতার
- আপডেট সময় : ০১:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 66
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানার যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ (দক্ষিণ) মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলামের নির্দেশনায় সোমবার (২৭ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর পাটগুদাম ব্রিজ, গাঙ্গিনাপাড় ও রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতাররা হলেন—পারভেজ ওরফে পাপ্পু আহম্মেদ (২৫), মো. রফিকুল ইসলাম (৩৫), মো. আহাদ (২০), মো. সাগর ওরফে হৃদয় হোসেন সাগর (২৩), মো. বাপ্পি (৪৯), আমিরুল (৩৫), মনিরুজ্জামান ওরফে মনির (৩৮) এবং রিপন চন্দ্র দে (৩৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া গত তিন দিনে মোট ২৪ জন ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এই যৌথ অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।



















