ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী।
- আপডেট সময় : ১২:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 9
কেরানীগঞ্জ সংবাদদাতা।
ফ্যাসিস্ট সরকারের যে চরিত্র ছিল, বর্তমান সরকারের মধ্যেও সেই একই চরিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার পতনের কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কেরানীগঞ্জের ইকুরিয়া যমুনা কনভেনশন হলে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ’ সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা দেলোয়ার হোসেন বলেন, ১১টি রাজনৈতিক দলসহ জুলাই সনদে স্বাক্ষর করেছিল এই প্রত্যাশায় যে, বর্তমান সরকার তা অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার তা পুরোপুরি ভুলে গেছে। সনদের মৌলিক দাবিগুলোর একটিও তারা বাস্তবায়ন করেনি। ফলে ১১ দলীয় ঐক্য একের পর এক কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।
আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করতে সরকারের প্রতি ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই আন্দোলনে শহীদ যোদ্ধাদের হত্যাকারীদের সুষ্ঠু বিচার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। এছাড়া, সিটি করপোরেশনের প্রশাসকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক বসিয়ে পুনরায় দলীয়করণ করা হচ্ছে।

১১ দলীয় ঐক্য ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, নেজামে ইসলাম ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি কাজী শামিম হোসেন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম এবং ছাত্রশিবিরের জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তাহ তুর্য।



















