নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
- আপডেট সময় : ০৮:৩৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 15
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে একটি চোরাকারবারি চক্র ভারতীয় ওষুধের বড় একটি চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে পানিহাটা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ওষুধের চালান ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি পণ্য ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
















