শাহবাগ দ্বিতীয় দিনের অবরোধ
বিডিআর বিদ্রোহে নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের অবরোধ
- আপডেট সময় : ১০:৪৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / 123
পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন তাদের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত জওয়ান ও তাদের পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করছেন। দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এর আগে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হন আন্দোলনকারীরা। নানা প্রান্ত থেকে আসা মানুষ সেখানে জড়ো হয়ে নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
বেলা সাড়ে ১২টার দিকে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে তারা। যমুনার দিকে যাওয়ার পথে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন। বাধা পেয়ে আন্দোলনকারীরা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।



















