বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
- আপডেট সময় : ০৪:৩০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 167
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই আলোচনায় ছিল—২০২৬ সালে কি লিওনেল মেসি আবারও মাঠে নামবেন? এবার সেই প্রশ্নের উত্তর যেন নিজেই দিয়ে ফেললেন আর্জেন্টাইন এই মহাতারকা।
সম্প্রতি ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনাসহ ২২ দেশের জার্সি উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির এক বাণিজ্যিক ভিডিওতে অংশ নেন আর্জেন্টিনার ফুটবলাররা, কোচ লিওনেল স্কালোনি, সাবেক মিডফিল্ডার আনহেল ডি মারিয়া এবং এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া।
ভিডিওর শেষ দৃশ্যে তাপিয়া বলেন, “আমি চার নম্বর চাই।” (অর্থাৎ, চতুর্থ বিশ্বকাপ শিরোপা)। তখন সামনে আসেন মেসি এবং নিজের হাতে কিছু কার্ড তুলে নিয়ে বলেন, “আমিও চাই।”
এই দৃশ্যকে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার পরোক্ষ ঘোষণা হিসেবে ব্যাখ্যা করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে মেসি বলেছিলেন,
“আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই বিশ্বকাপ নিয়ে। এটা অসাধারণ কিছু হতে যাচ্ছে। একজন ফুটবলারের জীবনে বিশ্বকাপ জেতাই সবচেয়ে বড় অর্জন, আর আমি ভাগ্যবান যে তা একবার পেয়েছি।”
মেসি আরও বলেন,
“বিশ্বকাপের চেয়ে বড় কিছু নেই। আমি আমার ক্যারিয়ারে প্রায় সবকিছু জিতেছি—ক্লাব, ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে। তবে বিশ্বকাপ জয়ই আমার ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে।”
এদিকে, চলতি মাসেই বছরের শেষ ম্যাচে নামছে আর্জেন্টিনা। আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। এই ম্যাচের জন্য ঘোষিত দলে মেসিও রয়েছেন। তবে ইন্টার মায়ামির হয়ে এমএলএসের প্লে-অফে ব্যস্ত থাকায় তিনি ম্যাচে অংশ নেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
সব মিলিয়ে, মেসির “আমিও চাই” মন্তব্য যেন ২০২৬ সালের বিশ্বকাপে তাঁর উপস্থিতির এক আনন্দঘন ইঙ্গিতই দিল।




















