ভাটারায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, ১৬ জনের নাম উল্লেখসহ আসামি
- আপডেট সময় : ০৪:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 12
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভাটারা থানার নুরেরচালা এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয় বিএনপি নেতা আবু হানিফের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আবু হানিফ গুরুতর আহত হন।
হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় হামলা, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ লুটের অভিযোগ আনা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।















