মমেক ছাত্রাবাসে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ২, গুরুতর একজন ঢাকায় রেফার; আটক ১
- আপডেট সময় : ০৭:২১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 24
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ছাত্রাবাস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত প্রায় ১২টা পর্যন্ত পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে।
জানা গেছে, মোটরসাইকেলে তেল ভরাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে জড়িত পক্ষগুলোর একটি গ্রুপ মেডিকেল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহর অনুসারী এবং অপর গ্রুপটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপের অনুসারী।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন নুরে জাওয়াদ রুতাপের অনুসারী মীর হামিদুর এবং তানভীর আব্দুল্লাহর অনুসারী মো. মুয়াজ। এছাড়া ঘটনাস্থল থেকে নাফিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর ছাত্রাবাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।



















