ময়মনসিংহে আইইডি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০৭:০০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 29
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ‘গাছ লাগাই-পরিবেশ বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ময়মনসিংহ কেন্দ্র। মঙ্গলবার নগরীর গোহাইলকান্দি মীরবাড়ি ও খালপাড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে নিম, চালতা, আমলকি ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিটি সঞ্চালনা করেন উন্নয়ন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন। আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম। গোহাইলকান্দি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও জনউদ্যোগ সদস্য খন্দকার সুলতান আহমদ চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগর সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রত্যেক নাগরিককে প্রতি মৌসুমে অন্তত পাঁচটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান। আইইডি সংগঠিত নারী দলের নেত্রী ইয়াসমিন, আনোয়ারা বেগম এবং আনোয়ার হোসেন বলেন, পরিবেশ সংরক্ষণ ও নারীর কাজের পরিবেশ উন্নয়নে এ ধরনের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলে। তারা এ ধরনের কার্যক্রমে অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে আইইডির বিভিন্ন এলাকার নারী সদস্যরা অংশগ্রহণ করে গাছের চারা গ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন আইইডি ময়মনসিংহ কেন্দ্রের হিসাবরক্ষক মো. নূরুল খায়ের তালুকদার, প্রোগ্রাম অর্গানাইজার সুবর্ণা দাস, নন্দিতা সাহা, রিমা পালসহ যুব ও নারী ফোরামের সদস্যরা। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচিকে সফল করে তোলেন। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে এসব এলাকায় ঔষধি ও ফলজ গাছে সমৃদ্ধ সবুজ পরিবেশ গড়ে উঠবে এবং পাখির কিচিরমিচিরে মুখরিত হবে পুরো এলাকা।



















