ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত, সম্প্রীতির আহ্বান
- আপডেট সময় : ০১:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 89
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ৮টায়। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হাজার হাজার মুসল্লি এতে অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের এই প্রধান জামাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মাঠজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রথম জামাতের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জনাব মোঃ রোকনুজ্জামান রোকন। ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান।
নামাজ শেষে তারা সংক্ষিপ্ত বক্তব্যে ময়মনসিংহসহ সমগ্র বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্রে পরিণত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। পরে তারা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আগত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ঈদের সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
এদিকে, মুসল্লিদের সুবিধার্থে নগরীর বিভিন্ন স্থানে একাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়।




















