ময়মনসিংহে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / 50
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | শনিবার, ৪ এপ্রিল ২০২৬
ডিজিটাল বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ময়মনসিংহে বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এ প্রকল্পের উদ্বোধন করেন।
শনিবার (৪ এপ্রিল) বিকাল ৩টায় নগরীর ঢাকা-ময়মনসিংহ বাইপাস সড়কের সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কমপ্লেক্স নির্মাণ কাজের সূচনা ঘোষণা করেন।
“জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ” প্রকল্পের আওতায় গড়ে উঠতে যাওয়া এই স্থাপনাটি তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, গণমাধ্যম উন্নয়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তি সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তর-এর মহাপরিচালক মোঃ আব্দুল জলিল।

গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে এবং ময়মনসিংহ গণপূর্ত বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ তথ্য কমপ্লেক্স চালু হলে ময়মনসিংহ অঞ্চলে তথ্যসেবা আধুনিকায়ন এবং সরকারি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।




















