ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 45
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ২৫ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, গলিত ১৫ গ্রাম ইয়াবা এবং নগদ ২ হাজার ৮৮০ টাকাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে ২৪ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে গৌরীপুর উপজেলার বালিঝুড়ি এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার ৮৮০ টাকাসহ মো. শাকিল (২২) ও মো. শাজাহান মিয়া (৪৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
অপর অভিযানে ২৫ এপ্রিল দিবাগত রাত পৌনে ১টার দিকে একই উপজেলার সরিষাহাটি এলাকা থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও গলিত ১৫ গ্রাম ইয়াবাসহ মো. আলমগীর (২৫) এবং মোছা. শাবানা ওরফে নিপা (২৪) কে গ্রেফতার করা হয়। এ আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।




















