ময়মনসিংহে সংঘবদ্ধ হামলায় যুবক নিহত, ৪ আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৫৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 31
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ | ৩ জুন ২০২৬
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় রানা মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন বিকেল সাড়ে ৪টার দিকে চর ঈশ্বরদিয়া এলাকার একটি মুদি দোকানের সামনে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় রানা মিয়া তার ভাইকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় নিহতের বড় ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন—মাহমুদুল ইসলাম মাহিন (২০), তোফাজ্জল হোসেন (৪০), হুমায়ুন কবীর আকাশ (২৩) ও মনিরুল ইসলাম (২৪)। তারা সবাই চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।












