ময়মনসিংহে হামের প্রকোপ বেড়েছে, মৃত্যু ৬৪ শিশুর
- আপডেট সময় : ০৭:৫৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 25
ময়মনসিংহে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে অদ্যাবধি মোট ২ হাজার ৯৯৫ জন শিশু হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৮৩৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯২ জন শিশু।
হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশি বা সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। চিকিৎসকেরা বলছেন, অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
রোগীর অতিরিক্ত চাপের কারণে অনেককে হাসপাতালের বারান্দায় বসেও চিকিৎসা নিতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গত ২৪ মার্চ হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি পৃথক মেডিকেল টিম গঠন করেছে। পাশাপাশি শিশু ওয়ার্ডের তিনটি কক্ষে চালু করা হয়েছে বিশেষ ‘হাম কর্নার’।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় হামের এই প্রকোপ আরও অন্তত এক মাস অব্যাহত থাকতে পারে।
চিকিৎসকেরা অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছেন, শিশুদের জ্বর, সর্দি, শরীরে র্যাশ, ডায়রিয়া বা নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা জরুরি।




















