ময়মনসিংহে হেনস্তার অভিযোগ: বিএনপি নেতার বিরুদ্ধে এমপির সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৯:৫৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 28
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহে হেনস্তা ও কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।
বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও তার সমর্থকদের বিরুদ্ধে এসব অভিযোগ আনেন।
লিখিত বক্তব্যে মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে তারাকান্দায় এক অনুষ্ঠানে গেলে মোতাহার হোসেন তালুকদার ও তার কর্মীরা তাকে হেনস্তা করেন এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হন বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর থেকে মোতাহার হোসেন তালুকদার তার উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছেন। এমনকি সরকারি কর্মকর্তাদের বিভিন্নভাবে হুমকি প্রদর্শনের মাধ্যমে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছেন বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে এমপি বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন।” একইসঙ্গে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ফারুকী এবং ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ’র কাছে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পরাজিত হন।




















