ময়মনসিংহ ও ঢাকায় র্যাবের অভিযান: পর্নোগ্রাফি মামলার আসামিসহ ৩ পলাতক গ্রেফতার
- আপডেট সময় : ০২:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 28
ময়মনসিংহ ও ঢাকায় পৃথক অভিযানে পর্নোগ্রাফি মামলার এক আসামি এবং ডাকাতি প্রস্তুতি ও ছিনতাই মামলার দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
র্যাব-১৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ২১ জুলাই বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে নেত্রকোনার কলমাকান্দা থানার একটি পর্নোগ্রাফি মামলার আসামি আল আমিন (৪০)-কে রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে। একই দিনে ময়মনসিংহ সদর এলাকা থেকে আদালতের ওয়ারেন্টভুক্ত আরও দুই পলাতক আসামি—রাহুল ওরফে সুলতান (২১) ও মো. ইয়াছিন (২৫)-কে আটক করা হয়।

র্যাব জানায়, আল আমিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভনে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে কৌশলে আপত্তিকর ছবি ধারণ করেন। পরে বিয়ের বিষয়টি ভেস্তে গেলে ক্ষিপ্ত হয়ে তিনি সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হলে আদালতের নির্দেশে গত ৬ জুলাই কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর একাধিক ধারায় মামলা রুজু হয়।

অন্যদিকে গ্রেফতার রাহুল ওরফে সুলতান কোতোয়ালী থানার ডাকাতি প্রস্তুতি মামলার (ধারা ৩৯৯/৪০২) ওয়ারেন্টভুক্ত আসামি এবং মো. ইয়াছিন ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতার এড়াতে আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে র্যাব-১৪ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।




















