ময়মনসিংহ মেডিকেলে হাম আতঙ্ক: আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪১
- আপডেট সময় : ০১:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 16
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:
হামের উপসর্গে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে—যাদের সবাই শিশু।
সোমবার (২০ এপ্রিল) সকালে হাসপাতালের হাম বিষয়ক মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আনা ১১ মাস বয়সী এক শিশু রোববার ভর্তি হওয়ার পর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যায়। হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়া ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ সময়ে রেফার করা হয়নি কাউকে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।
চিকিৎসকরা জানান, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৫২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৫৭ জন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন,
“তিনটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেবা দিচ্ছেন।”



















