মিরপুর বিআরটিএ আনসারের পৃথক অভিযানে ৫ জন দালাল আটক
- আপডেট সময় : ০৭:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / 218
দীর্ঘদিন ধরে মিরপুর বিআরটিএতে দালাল চক্রের দৌরাত্ম্যে সেবা প্রত্যাশীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। তবে সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত নতুন আনসার কমান্ডার ফারুক মিয়ার যোগদানের পর থেকে শুরু হয়েছে এই চক্রের বিরুদ্ধে জোরালো অভিযান।
আজ আদালত-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে আনসার সদস্যদের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। পৃথক পৃথকভাবে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করে আর্থিকভাবে ঠকিয়ে আসছিলেন।
আটককৃতরা হলেন:
-
মো. আব্দুর রব (৪৫)
-
মাহফুজুর রহমান টিটু (বয়স অজ্ঞাত)
-
জাহাঙ্গীর আলম (৪৬)
-
আনাসুল হক (৪৭)
-
ফখরুল আলম রতন (বয়স অজ্ঞাত)
মিরপুর বিআরটিএ সূত্রে জানা যায়, এরা সাধারণ মানুষকে সরকারি সেবা থেকে বঞ্চিত করে অতিরিক্ত অর্থ আদায় করছিল। অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কাফরুল থানায় হস্তান্তর করা হয়।
আনসার কমান্ডার ফারুক মিয়া বলেন,
“দালালদের মাধ্যমে বেশি টাকা দিয়েও মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এতে সাধারণ মানুষের হয়রানি বাড়ছে এবং বিআরটিএর ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। আমরা আনসার সদস্যদের নিয়ে নিয়মিতভাবে দালাল নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
জনসাধারণের স্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।



















