যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 9
কেরানীগঞ্জ সংবাদদাতা।
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বালিয়াহুরা এলাকার ফয়েজ আহমেদ (২৭) ও তার স্ত্রী সুয়াইয়া আক্তার (১৯)।

এসআরবি-১০-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল মাতুয়াইল এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ওই দম্পতিকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে উদ্ধার করা মাদকসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।
মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।



















