শেরপুরে প্রশাসনের অভিযান: শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আপডেট সময় : ০১:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 224
শেরপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে শেরপুর পৌরসভা ও সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্দেশনায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রিজওয়ানুল হক।
অভিযানের অংশ হিসেবে জেলা সদর হাসপাতালের সামনে অস্থায়ী দোকানপাট, শেরপুর পুলিশ লাইনের সামনে নির্মিত দেয়াল, জেলা কারাগার এলাকার অবৈধ স্থাপনা এবং খোয়ারপাড় শাপলা চত্বর সংলগ্ন ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানকালে শেরপুর পৌরসভার প্রকৌশলী খোরশেদ আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. শরীফ উদ্দীন, সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এ বিষয়ে সহকারী কমিশনার রিজওয়ানুল হক বলেন, রাস্তার দুই পাশে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি যানজটের কারণে শহরের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।



















