নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুর শহরে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি তারিকুল ইসলামের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রী লুট করে নিয়ে যায়।
রোববার (২২ মার্চ) সন্ধ্যায় শহরের জেলখানা রোডের নওহাটা এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো একসময় চুরির ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি দুপুরে সংবাদ সংগ্রহের কাজে ঝিনাইগাতী উপজেলায় যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা পেছনের টিনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরে ঘরের দরজা ভেঙে নির্বিঘ্নে লুটপাট চালায়।
চোরেরা বাড়ি থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রুপা, নগদ ৪০ হাজার টাকা এবং একটি এলইডি টিভিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশের টহল না থাকায় চোরেরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে একের পর এক চুরির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নওহাটা এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় চুরির ঘটনা বেড়েই চলেছে। আমরা রাতে ঠিকমতো ঘুমাতেও পারছি না। বিশেষ করে নতুন বা ভাড়াটিয়া বাসাগুলো বেশি টার্গেট হচ্ছে।”
জানা গেছে, এর আগেও একই বাড়ি থেকে দুটি স্মার্টফোন চুরি হয়েছিল। সে সময় থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখনো সেগুলো উদ্ধার হয়নি। ফলে একই বাসায় বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় পুলিশি টহল জোরদারের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।