হালুয়াঘাটে তারেক রহমানকে কটাক্ষ এনসিপির নাসিরউদ্দীনের, বিএনপির প্রতিবাদ মিছিল
- আপডেট সময় : ১২:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 68
**ময়মনসিংহ প্রতিনিধি:**
ময়মনসিংহের হালুয়াঘাটে এক সমাবেশে বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে। তার বক্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্সেরও সমালোচনা করেন নাসিরউদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, একই সময়ে এনসিপির কর্মসূচির পাশে আরেকটি কর্মসূচি দেওয়াকে তিনি রাজনৈতিক ‘দুষ্টুমি’ হিসেবে দেখছেন।
এ সময় তিনি এমরান সালেহ প্রিন্সের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেন। পাশাপাশি সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলে বিষয়টি তদন্তের দাবি জানান তিনি।
ময়মনসিংহ সীমান্ত দিয়ে সন্ত্রাসী ও অপরাধীদের যাতায়াত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। সীমান্ত নিরাপত্তা নিয়ে সরকারকে প্রশ্ন তুলে তিনি বলেন, সীমান্ত দিয়ে একদিকে সন্ত্রাসীরা পালিয়ে যাচ্ছে, অন্যদিকে সন্ত্রাসীরা বাংলাদেশে প্রবেশ করছে—এ অবস্থায় ময়মনসিংহ ও হালুয়াঘাটের মানুষের নিরাপত্তা কোথায়?
বক্তব্যের একপর্যায়ে তারেক রহমানকে কটাক্ষ করে নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ‘ভিক্ষার ঝুলি নিয়ে লন্ডন থেকে এসেছেন।’ তিনি আরও দাবি করেন, বাংলাদেশের মানুষের জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বের দেওয়ার মতো কিছু নেই।
এ সময় তিনি জিয়া পরিবার ও শেখ পরিবারের রাজনীতি থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।
### বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
এনসিপি নেতার বক্তব্যের পরপরই হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া (বাবুল), পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকেরুল্লাহ এবং উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবির।
বক্তারা অভিযোগ করেন, এনসিপির নেতা নাসিরউদ্দীন পাটোয়ারী বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও আপত্তিকর মন্তব্য করেছেন। তারা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
একই সঙ্গে রাজনৈতিক শালীনতা বজায় রেখে দায়িত্বশীল ভাষায় বক্তব্য দেওয়ার জন্য এনসিপি নেতার প্রতি আহ্বান জানান বিএনপির নেতারা।



















