মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় ২ চোর গ্রেফতার উদ্ধার ২১ লাখ টাকা
- আপডেট সময় : ০১:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 95
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের মুক্তাগাছায় সংঘবদ্ধ চুরির ঘটনায় জড়িত দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মুক্তাগাছা উপজেলার বিরাশি এলাকার একটি বসতবাড়িতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী আশরাফুল আলম (২৬) জানান, জমি কেনার উদ্দেশ্যে তার ব্যবসার উপার্জিত ৩৫ লাখ টাকা বাড়ির একটি কক্ষে স্টিলের ট্যাংকের ভেতরে রাখা ছিল। ঘটনার সময় তার মা বাড়ির বাইরে থাকায় দুর্বৃত্তরা দরজার তালা কেটে ঘরে প্রবেশ করে এবং ট্যাংকের তালা ভেঙে পুরো টাকা নিয়ে যায়।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা (নং-১৮, তারিখ: ১৩ মে ২০২৬) দায়ের করা হয়।
মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় এবং মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একাধিক টিম গঠন করে তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মুক্তাগাছা উপজেলার বিরাশি (মধ্যপাড়া) এলাকার সৌরভ মিয়া (৩০) ও মো. জনি (২৫)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা এবং ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন চর কুষ্টিয়া এলাকায় সৌরভের খালার গোয়ালঘরের মাচার নিচ থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। এতে মোট ২১ লাখ টাকা উদ্ধার সম্ভব হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার চোর ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় চুরি যাওয়া অবশিষ্ট টাকা ও অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।










