হাসপাতালের সামনে সড়ক দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- আপডেট সময় : ০৪:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 165
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার (দুপুরে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় সড়কের শৃঙ্খলা ভঙ্গ করে দাঁড়িয়ে থাকা প্রায় ২০টি সিএনজি ও মাহেন্দ্র জব্দ করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে নিয়ম ভঙ্গের দায়ে কয়েকটি অ্যাম্বুলেন্সকে জরিমানা করা হয়েছে বলে জানানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসাইন জানান, “হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানের সামনে যানজট ও বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হাসপাতালের সামনে সড়ক দখল করে যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে রোগী ও স্বজনদের চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। জেলা প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।



















