সিদ্ধিরগঞ্জে পিস্তল ও মোবাইলসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০১:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 28
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি ম্যাগাজিন সংযুক্ত বিদেশি পিস্তল ও মোবাইল ফোনসহ এক অস্ত্র মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন এবং এসআই (নিরস্ত্র) এস এম ইলিয়াস হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোমবার (৩০ জুন) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ওয়ার্ডের সিটি মেম্বার জনৈক আব্বাস খানের বাড়ির পশ্চিম পাশে একটি প্রাচীর বেষ্টিত ভেতরে তল্লাশি চালিয়ে একটি ম্যাগাজিন সংযুক্ত সচল বিদেশি পিস্তল, একটি কালো রঙের realme মোবাইল ফোনসহ আসামি মো. নাজির হোসেন (৫২)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাজির হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বেজগাঁও এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।















