২৫ মিনিটে পাকিস্তানে ভারতের নিশানায় ৯ ঘাঁটি
‘অপারেশন সিঁদুর’: পাকিস্তানে রাতের আঁধারে ৯টি লক্ষ্যবস্তুকে গুঁড়িয়ে দিল ভারত
- আপডেট সময় : ০৯:০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 94
পাকিস্তানে চালানো হামলার বিষয়ে আজ বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক ব্রিফিং করেছে। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, ‘অপারেশন সিঁদুর’ নামের এই হামলা ছিল সন্ত্রাসবিরোধী, যা আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হয়েছে।
বিক্রম মিশ্রি জানান, পেহেলগামের সাম্প্রতিক হামলার জবাবে ভারত এই অভিযানে পাকিস্তানের ভেতরে এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে মোট ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। তিনি বলেন, “এটি ছিল সীমিত, লক্ষ্যভিত্তিক ও দায়িত্বশীল প্রত্যাঘাত। আমাদের উদ্দেশ্য ছিল সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসী কাঠামো ধ্বংস করা।”
ব্রিফিংয়ে ভারতীয় সেনা কর্নেল সোফিয়া কুরেশি ও বিমানবাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং দাবি করেন, মঙ্গলবার রাত ১টা ৫ মিনিট থেকে দেড়টার মধ্যে এই ৯টি স্থাপনায় হামলা চালানো হয়। তারা বলেন, এসব ঘাঁটি সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্র, সাধারণ মানুষ বা পাকিস্তানি সেনাদের লক্ষ্য করা হয়নি।
ভারতীয় বাহিনীর দাবিমতে, হামলায় ধ্বংস হয়েছে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ভাওয়ালপুরের জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবির, কোটলির লস্কর-ই-তাইয়েবার ঘাঁটি এবং শিয়ালকোটের সীমান্তবর্তী হিজবুল মুজাহিদিন ক্যাম্প। এছাড়া লাহোরের মুরিদকেও হামলার লক্ষ্য করা হয়, যেখানে ২৬/১১ মুম্বাই হামলার জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, এই প্রত্যাঘাত জাতিসংঘের সন্ত্রাসবিরোধী নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তিনি জানান, পেহেলগামের হামলার মাধ্যমে কাশ্মীরের স্থিতিশীলতা নষ্ট এবং ভারতের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা হয়েছিল।
ভারত জানিয়েছে, টিআরএফ নামের গোষ্ঠী পেহেলগামের হামলার দায় স্বীকার করেছে, যাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তাইয়েবার সম্পর্ক রয়েছে।




















